
শহুরেবৃত্তি
বিক্রি হয়ে যাই
প্রতিদিন; প্রতি সন্ধ্যায়
বিন্দু বিন্দু জমে ওঠা ঘাম
মুখাবয়বে স্পষ্ট ক্লান্তির ছাপ
পূণ্যতা পায় না
না পায় পবিত্রতার ঘ্রাণ।
যে শহর বৃষ্টিস্নানের পরও
রয়ে যায় ধুলোধূলিময়,
রৌদ্র শিখা ছড়ায় শুধুই উত্তাপ,
অন্ধ গলি, বন্ধ্যা নদী
মিশে যায়; আদিম একতায়
সেই শহরে-
প্রতিদিন, প্রতি সন্ধ্যায়
কেবলই বিক্রি হয়ে যাই।

